ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ন

বিশ্বসুন্দরীদের মাঝে বন্ধুত্বের বার্তা ছড়াচ্ছেন মাহি

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার নবম দিনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কাটানো মুহূর্ত, নতুন অভিজ্ঞতা এবং আন্তদেশীয় বন্ধুত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সে তার নবম দিনটি কেটেছে নানা অভিজ্ঞতা ও স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব এবং একসঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তার কাছে বিশেষ হয়ে উঠেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পতাকা ব্যবহার করে দেওয়া পোস্টে মাহি ভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তার ভাষায়, দেশ ও পতাকা আলাদা হলেও ভালোবাসা এবং বন্ধুত্বের বন্ধন সীমান্তের বাধা মানে না। প্রতিযোগিতার ব্যস্ততার পাশাপাশি পুয়ের্তো রিকোতে কাটানো ব্যক্তিগত কিছু মুহূর্তও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাহি। স্থানীয় রেস্তোরাঁ ‘লা ক্যাসিটা ব্লাঙ্কা’য় খাবার খাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নতুন স্বাদের খাবার, হাসি ও আনন্দে কাটানো সন্ধ্যাটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। পুয়ের্তো রিকোর প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশের এই প্রতিনিধি। সেখানকার মনোরম দৃশ্যের ছবি প্রকাশ করে তিনি জানান, প্রতিযোগিতার ব্যস্ততার মাঝেও ছোট ছোট আনন্দের মুহূর্ত উপভোগ করছেন। গত ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী হন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আগের বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। এবারের মিস ইউনিভার্সের আসর বসেছে পুয়ের্তো রিকোয়। ১১ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ২৪ নভেম্বর, সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে। এর আগে ২০২৫ সালের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাহি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণাও চলছে। সমর্থকেরা এবারের মিস ইউনিভার্সের মুকুট বাংলাদেশের প্রতিনিধির মাথায় দেখতে চান বলে আশা প্রকাশ করছেন। তবে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল এখনো নির্ধারিত হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন