জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পেতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডিকেন্দ্রিক দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেছেন, মানুষকে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে এবং হয়রানি শব্দটি আর শুনতে চান না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন। সেবা পেতে হয়রানি হচ্ছে—এই অভিযোগ যেন আর শুনতে না হয়। একে অন্যের ওপর দায় চাপানোর বা ‘ব্লেম গেম’ করে সেবা থেকে বঞ্চিত করার সুযোগ নেই। নাগরিকদের মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। নিজের অস্বস্তির কথা প্রকাশ করে সিইসি বলেন, প্রতিদিন যখন তিনি ফাইল বা ডাক সই করেন, তখন অন্তত ছয়-সাতটি আবেদন এনআইডি-সংক্রান্ত পান। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর ধরে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। পত্রপত্রিকায় হয়রানির খবর দেখলে আরও অস্বস্তি বোধ করেন বলে জানান তিনি। নাগরিকদের আবেদনের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে তাও স্পষ্টভাবে জানাতে হবে। কেউ একটি আবেদন করার পর মাসের পর মাস কোনো জবাব পাবেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে মেমো নম্বর বা ট্র্যাকিং নম্বর দিতে হবে, যাতে নাগরিকরা সহজেই তাদের আবেদনের অবস্থা জানতে পারেন। সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি তুলে ধরে সিইসি বলেন, দেশের সব নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের পক্ষে অনলাইনে আবেদন করা বা কার্ড ডাউনলোড করা কঠিন। তাই সবার ডিজিটাল সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা সহজ করতে হবে। স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। সিইসি আরও বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্রের প্রয়োজন, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ অযথা ভোগান্তিতে না পড়েন। বক্তব্যের শেষে তিনি এনআইডি সেবায় যেকোনো ধরনের দুর্নীতি ও হয়রানি চিরতরে বন্ধ করতে কর্মকর্তাদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।


















