বাংলা গানের কিংবদন্তি শিল্পী সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় আয়োজিত হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট। আগামী শুক্রবার, ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক এই আয়োজন।
আগামীকাল ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস। সেই দিনটিকে সামনে রেখে তার পরদিন এই কনসার্টের আয়োজন করেছে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আজব কারখানা। সঞ্জীবের একটি জনপ্রিয় গানের পঙক্তি থেকেই নেওয়া হয়েছে অনুষ্ঠানের শিরোনাম।
কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী—সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীবের গান ও সংগীতভাবনা নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।
ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে নিজস্ব পরিচয় গড়েছিলেন সঞ্জীব চৌধুরী। তার লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ দলছুটের পরিবেশনায় নতুন প্রজন্মের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে।
আজব কারখানা এর আগে কবীর সুমন ও অঞ্জন দত্তকে নিয়েও ট্রিবিউট কনসার্টের আয়োজন করেছে। সংগঠনের কর্ণধার জয় শাহরিয়ার জানিয়েছেন, গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধারাবাহিক আয়োজন চালিয়ে যেতে চান তারা।

কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অনুষ্ঠানস্থলে টিকিটের মূল্য ১ হাজার টাকা। বিকাশে মেক পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে।


















