তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এই প্রস্তাব তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। তিনি বলেন, মজুরি নির্ধারণে শুধু মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, শিল্পের সক্ষমতা ও পরিবারের সদস্যসংখ্যার মতো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নিতে হবে। ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সিপিডির হিসাবে, ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির ক্রয়ক্ষমতা ধরে রাখতে ২০২৬ সালের অক্টোবরে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। এই সময়ে শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী মূল্যস্ফীতি বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। তবে শুধু ক্রয়ক্ষমতা ধরে রাখলে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না বলে মনে করে সংস্থাটি।
সংস্থাটির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একজন উপার্জনকারীর মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডি জানিয়েছে, এই হিসাবগুলো গৌণ তথ্য-উপাত্তের ভিত্তিতে করা হয়েছে; নতুন কোনো জরিপ করা হয়নি। তাই এগুলোকে চূড়ান্ত মজুরি হিসেবে নয়, আলোচনার জন্য নির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে। সংস্থাটির মতে, মূল আলোচনা হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে; মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো অপেক্ষাধীন রয়েছে।


















