খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন। গত বছর বড়দিন উপলক্ষে এই খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক সারসংক্ষেপে বড়দিন উপলক্ষে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত অঙ্কের পরিবর্তে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা।


















