ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ।

সোমবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মার্কিন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হয়েছে।

ডিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় সংস্থাটির বিনিয়োগ এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি দুই দেশের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন।

গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশের ডিএফসি-তে প্রবেশাধিকার এসেছে। চুক্তিতে বলা হয়েছে, যোগ্যতা সাপেক্ষে যুক্তরাষ্ট্র ডিএফসি ও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মতো সংস্থার মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বেসরকারি অংশীদারদের সঙ্গে বিনিয়োগে অর্থায়নের কথা বিবেচনা করবে।

ডিএফসি মূলত ঋণ, গ্যারান্টি, রাজনৈতিক ঝুঁকির বিমা ও ইকুইটি বিনিয়োগ দিয়ে থাকে। তবে সংস্থাটির ঘোষণায় বাংলাদেশে নির্দিষ্ট কোনো প্রকল্পে বিনিয়োগের পরিমাণ, অর্থ ছাড়ের সময়সূচি কিংবা অনুমোদিত প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়নি। ফলে যোগ্যতা অর্জনকে তাৎক্ষণিক অর্থপ্রাপ্তির নিশ্চয়তা নয়, ভবিষ্যৎ বিনিয়োগের একটি নতুন প্রাতিষ্ঠানিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন