ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

লন্ডনে আ.লীগ-এনসিপি সংঘর্ষে আহত কয়েকজন

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্সকর্মীরা হলের ভেতরেই দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার পর নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ করেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ জানিয়েছেন, অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অভিযোগ, সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছিল বিক্ষোভকারীরা।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মেফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন