ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

রূপপুরের বিদ্যুৎ আজ গ্রিডে যুক্ত হচ্ছে

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ বিকেল ৫টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উপস্থিতিতে এ সংযোগ দেওয়া হবে।

পরীক্ষামূলক সংযোগের সময় কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

এ সংযোগের মূল উদ্দেশ্য জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি সক্ষমতা যাচাই করা। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পরবর্তী ধাপে যাওয়া হবে। কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে তাদের অনুমোদন নিতে হবে।

সোমবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। প্রথম ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও সাত থেকে আট মাস লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন