বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ করে দেশের প্রচলিত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক ও দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহমুদুর রহমান সুমন।
সোমবার (১৬ নভেম্বর) দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট সেন্টারে আয়োজিত ‘তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন অভিযোগ করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বিভ্রান্তিকর প্রচারণার আশ্রয় নিচ্ছেন। দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের কোনো তৎপরতা যেন ভারতের ভূখণ্ড থেকে পরিচালিত হতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ভারত যেভাবে কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশইন করে, একইভাবে শেখ হাসিনাকেও বাংলাদেশে পুশইন করা উচিত। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রহণ করবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে। এর মাধ্যমে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ডা. তৌহিদুর রহমান আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাশরুর মাওলা।
‘তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ’ শীর্ষক এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের চিন্তা, প্রত্যাশা, নেতৃত্ব ও সম্ভাবনাকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় করা।


















