ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন। সোমবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

গত ১৯ মে সোহেলদের বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্তে উঠে আসে, প্রতিবেশী সোহেল রানা তাঁর স্ত্রীর সহযোগিতায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। রামিসা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং দুই আসামি জেল আপিল করেন। সোমবার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল; আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে নাকি সাজা পরিবর্তন হবে, তা জানতে অপেক্ষায় রয়েছে রামিসার পরিবারসহ দেশবাসী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন