মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ।
গত শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।
মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিসর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও মালদ্বীপ।
প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বে মৃত্যুদণ্ডের ব্যবহার কমানোর প্রবণতা থাকলেও ২০২৫ সালে এ শাস্তি কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব সদস্য দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আহ্বান হিসেবে বিবেচিত হয়। এটি নিজে থেকে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না।


















