রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল সাড়ে ১০টার দিকে রায় পড়া শুরু হয়; রায় পড়ে শোনান বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। টানা প্রায় দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করা হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলে প্রমাণিত হয়েছে। রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার বিষয়ে আদালত বলেন, সোহেল রানা তার জবানবন্দিতে স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করেছেন—এমন কোনো তথ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হলো।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এর আগে সোমবার শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছিলেন, কোনো ধরনের মুলতবি ছাড়াই এক কার্যদিবসে মামলাটির শুনানি সম্পন্ন হয়েছে এবং হাইকোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে তিনি আশা করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকায় প্রতিবেশীর ফ্ল্যাটের ভেতরে ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। হত্যার পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা; পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এরপর গত ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন একদিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়; জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুই আসামি কারাকর্তৃপক্ষের মাধ্যমে পৃথক আপিল করেন। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স গত ৯ জুন হাইকোর্টে পৌঁছায়। গতকাল সোমবার ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। আজ সেই রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকল এবং স্বপ্না খাতুন খালাস পেলেন।


















