আজ সন্ধ্যায় ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বাণিজ্য নিয়ে একটি যৌথ বিবৃতিতে সই করার কথা রয়েছে। থাইল্যান্ড সরকার জানিয়েছে, পারস্পরিক বাণিজ্য চুক্তির আলোচনায় এটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এই সই মানেই চূড়ান্ত চুক্তি নয়। থাইল্যান্ড সরকারের মুখপাত্র জানিয়েছেন, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে দেশটিতে জনমত যাচাই ও আইনি প্রক্রিয়া শেষ করতে হবে।
যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে থাইল্যান্ডের উদ্বৃত্ত ছিল ৭১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর সাড়ে ১২ শতাংশ শুল্ক বসায়। জোরপূর্বক শ্রমের অভিযোগে তদন্তের অংশ হিসেবে কয়েক ডজন দেশের ওপর এই শুল্ক আরোপ করা হয়। তবে প্রায় ২ হাজার ১২০টি পণ্যধারা এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।
গত বছরের অক্টোবরে আসিয়ান সম্মেলনে দুই দেশের মধ্যে একটি কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। তাতে থাই পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১৯ শতাংশ ভিত্তি শুল্ক এবং থাইল্যান্ডে যাওয়া প্রায় সব মার্কিন পণ্যের ওপর শুল্ক তুলে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে বিরল খনিজ নিয়ে সহযোগিতার একটি অ-বাধ্যতামূলক সমঝোতাও হয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশভিত্তিক শুল্ক বাতিল করলেও জুলাইয়ে জোরপূর্বক শ্রমের অভিযোগে থাইল্যান্ডসহ ৬০টি অর্থনীতির ওপর নতুন শুল্ক বসানো হয়। ইস্পাত, গাড়ি ও কাঠের মতো খাতভিত্তিক শুল্ক এখনো বহাল আছে।
আলোচনায় মূলত বাজার সুবিধা নিয়ে কথা হয়েছে—থাইল্যান্ডের মার্কিন পণ্য কেনা, যুক্তরাষ্ট্রে থাই বিনিয়োগ এবং সেবা খাত খুলে দেওয়া। যৌথ বিবৃতিতে কোনো শুল্কের হার উল্লেখ থাকছে না। থাই প্রধানমন্ত্রী গত ৫ নভেম্বর প্রায় ১৯ শতাংশ হারের প্রত্যাশা করেছিলেন। ব্যাংককে মন্ত্রিসভা গত ১০ নভেম্বর বিবৃতির খসড়া অনুমোদন করেছে।
এদিকে এই সপ্তাহে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানিতে নতুন মার্কিন লাইসেন্সের আওতায় আসা দেশগুলোর তালিকায় থাইল্যান্ডও রয়েছে। ফিলিপাইনের বাণিজ্য সচিবও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ফিলিপাইনের রপ্তানিতে আরোপিত সাড়ে ১২ শতাংশ শুল্ক কমানোর আশা করছেন; ট্রাম্পের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্টের বৈঠক বুধবার।


















