রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে অংশ নিতে চুক্তি করেছে ওয়ান ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।
এই তহবিলের আওতায় যোগ্য গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে ওয়ান ব্যাংক। নতুন কারখানা স্থাপন, বিদ্যমান কারখানার আধুনিকায়ন ও সংস্কার, কোল্ড স্টোরেজ নির্মাণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং চলতি মূলধনের চাহিদা মেটাতে এই অর্থায়ন ব্যবহার করা যাবে।
বন্ধ হয়ে যাওয়া কারখানা আবার চালু করা এবং আংশিক বন্ধ থাকা কারখানার কার্যক্রম পুরোদমে ফেরানোয় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত আগস্টে বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের জন্য ২ হাজার কোটি টাকার এই ঘূর্ণায়মান প্রাক-অর্থায়ন তহবিল গঠন করে। দীর্ঘ নগদ রূপান্তর চক্র, উচ্চ মজুত ব্যয়, কোল্ড-চেইন পরিচালনার ব্যয় এবং কম সুদে অর্থায়নের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ নেওয়া হয়। তহবিলটি তিন বছর মেয়াদি।
তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে অর্থ পাবে এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে। হিমায়িত চিংড়ি, মাছ ও অন্যান্য হিমায়িত খাদ্য পণ্যের উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবে। নতুন কারখানা স্থাপনে সর্বোচ্চ ৩০ কোটি এবং আধুনিকায়নে সর্বোচ্চ ২০ কোটি টাকা ঋণ দেওয়া হবে।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক সেবা এবং সরকারি খাতের প্রধান কাজী জিয়াউল ইসলাম।
ওয়ান ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক গ্রাহক এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সম্প্রসারণ এবং অর্থায়ন সহজ ও সাশ্রয়ী করাই এই অংশগ্রহণের লক্ষ্য।


















