ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবা পুরোপুরি অনলাইনে আনা এবং তৈরি পোশাকের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তুলতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই সহায়তা চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়িক অনুমোদন পেতে এখন ব্যবসায়ীদের একাধিক দপ্তরে যেতে হয়। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ সংগ্রহে অনেক সময় লাগে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই দীর্ঘসূত্রতা দূর করে পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক ও ব্যবসায়িক সেবা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস তথা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রপ্তানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাভার ট্যানারি শিল্প এলাকায় নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত হবে এবং লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে সহায়তা হবে। স্বর্ণশিল্পকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় এনে রপ্তানিমুখী স্বর্ণালংকার শিল্প হিসেবে গড়ে তোলার ইচ্ছার কথাও জানান তিনি।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির নীতিগত অনুমোদনও পাওয়া গেছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষতা উন্নয়ন এবং মুক্ত বাণিজ্য চুক্তি-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন তিনি। বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) বাংলাদেশের বেসরকারি খাতের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানানো হয়।
বিশ্বব্যাংকের কর্মকর্তারা বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন-চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলে যুক্ত হওয়ার মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।


















