হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় গত ২৪ ঘণ্টায় চারটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বশেষ ঘটনায় একটি ট্যাংকার প্রণালির পূর্ব অংশে নৌ মাইনের আঘাতে আগুন ধরে যায়। ট্যাংকারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। তাদের দাবি, জাহাজটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকা দিয়ে যাচ্ছিল।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, ওমানের খাসাবের কাছ দিয়ে প্রণালি পার হওয়ার সময় একটি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। জাহাজটি অচল হয়ে পড়ে এবং এর ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। তবে জাহাজের সব নাবিক নিরাপদে আছেন।
এর আগে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন ধরে যায়। পানামার পতাকাবাহী ওই ট্যাংকারটির নাম অন ফিনিক্স বলে শনাক্ত করেছে একটি সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা। ওই ঘটনায়ও সব নাবিক নিরাপদ ছিলেন।
তার কয়েক ঘণ্টা আগে আরও দুটি ট্যাংকার নৌ মাইনের আঘাতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ইরানের ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটি নিষিদ্ধ পথ দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।

ইরানের নৌবাহিনী বলেছে, নিরাপদে পার হতে হলে জাহাজগুলোকে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত পথ ও নিয়ম মেনে চলতে হবে।
এদিকে প্রণালিতে জাহাজ চলাচল প্রায় থেমে গেছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, শনিবার মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালি পার হয়েছে, আর রোববার একটিও যায়নি। আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩১টি।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়। দীর্ঘদিন চলাচল বন্ধ থাকলে তেল রপ্তানি, জাহাজের বিমা, ভাড়া ও জ্বালানির বাজারে প্রভাব পড়তে পারে।
এদিকে অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে। তবে সরবরাহ বাড়ার প্রত্যাশায় মঙ্গলবার তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৭২ সেন্ট কমে ৯১ দশমিক ৭১ ডলারে নেমেছে।


















