ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংকে হামলার পূর্ণ তদন্ত চায় জাতিসংঘ

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পূর্ণ তদন্ত চেয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক সোমবারের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা দেশের কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত।

তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার রয়েছে, তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। গ্রামীণ ব্যাংকে হামলার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গ্রামীণ ব্যাংক জানিয়েছে, গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে দেশের অন্তত ২১টি শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, নোয়াখালী, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে।

গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় শাখার সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করা হয় এবং একটি হার্ডড্রাইভ নিয়ে যাওয়া হয়।

ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এতে দরিদ্র সদস্যদের সঞ্চয়, জীবিকা ও দীর্ঘদিনের আস্থাও হুমকির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ব্যাংকটি।

এদিকে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শাখার ব্যবস্থাপক ও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন