বিমা গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে। এ অবস্থায় বিমা খাতকে সুশৃঙ্খল করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব বিমা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংসদে আইন এনে এসব কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, অনেক কোম্পানি বিমাগ্রহীতাদের টাকা দিয়ে অন্যায়ভাবে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বিমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংসদে জানানো হয়, দেশে ৮২টি বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ নিয়ে প্রশ্ন তোলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহার।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নতুনভাবে সাজানো হয়েছে। এরই মধ্যে সব বিমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এরই মধ্যে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ টাকার বেশি বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে সংসদে জানান অর্থমন্ত্রী।


















