দেশে ফেরার পথে সিঙ্গাপুরের বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার সকালে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য তিনি চাঙ্গি বিমানবন্দরে পৌঁছালে অসুস্থ বোধ করেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিতে হবে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ নভেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরে গিয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। ২০২৩ সালে একই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।


















