ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার

দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। বন্ডের সুদহার কত হবে এবং কোন প্রক্রিয়ায় তা ছাড়া হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি। কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ সম্মেলন হচ্ছে।

দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো ঋণের জন্য প্রায় পুরোপুরি ব্যাংকের ওপর নির্ভর করেছে। পুঁজিবাজার কিংবা বন্ড থেকে অর্থ সংগ্রহের পথ তারা ব্যবহার করেনি। এতে ব্যাংকগুলোর ওপর চাপ বেড়েছে, আর চড়া সুদে ঋণ নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রতিষ্ঠান। বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজার শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত করা হচ্ছে।

ঋণ পরিশোধের ঝুঁকি কম রাখতে স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও শরিয়াহভিত্তিক সুকুকের মাধ্যমে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। উপযুক্ত সময়ে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্যে মার্কিন ডলার ইউরোবন্ড, সুকুক, জাপানের ‘সামুরাই বন্ড’ ও চীনের ‘পান্ডা বন্ড’ ছাড়ার উদ্যোগ নেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার সহজলভ্য করতে জেপি মরগানের ‘জিবিআই-ইএম’ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানো হবে। লেনদেন নিষ্পত্তি সহজ করতে আন্তর্জাতিক ক্লিয়ারিং হাউস ‘ইউরোক্লিয়ার’ ও ‘ক্লিয়ারস্ট্রিমের’ সঙ্গে সংযোগের পরিকল্পনা রয়েছে। সুকুকের পাশাপাশি পরিবেশবান্ধব ‘গ্রিন বন্ড’ ও সমুদ্র অর্থনীতিভিত্তিক ‘ব্লু বন্ডের’ পরিধি বাড়ানোর কথাও জানান অর্থমন্ত্রী।

ব্রিফিংয়ে দেওয়া তথ্যে দেখা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেটঘাটতি মেটানো বন্ধ করায় সরকারের ঋণ নেওয়ার খরচ কমেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ২০২৫ সালের জুনে ছিল প্রায় ১২ শতাংশ। ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই সুদহার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। বন্ড ও ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ঋণ প্রতিবেদন প্রকাশ এবং প্রাইমারি ডিলার ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। বাজারের অংশীজনেরা যাতে আগেভাগেই সরকারের ঋণ নেওয়ার পরিকল্পনা জানতে পারেন, সে জন্য প্রথমবারের মতো ‘বার্ষিক ঋণ পরিকল্পনা’ ও নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশ করা হচ্ছে।

২০২৪ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩৬ শতাংশ। আগের দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। একই সময়ে সরকারকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের ঋণ ৭৩০ কোটি টাকা থেকে বেড়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় পৌঁছায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমেছে। ২০২৬ সালের ৩০ জুন তা ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

অতীতে নেওয়া ঋণ এখন পরিশোধের সময় এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হচ্ছে। ২০২৯-৩০ অর্থবছরে এই ব্যয় সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে উঠবে। অর্থমন্ত্রী বলেন, ‘কত ঋণ নেওয়া হলো, তা নয়; ঋণ কতটা ভালোভাবে কাজে লাগানো হলো, সেটাই আসল।’ ঋণের টেকসই ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বাড়ানোই সবচেয়ে বড় সংস্কার বলে জানান তিনি। সে জন্য করজাল সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো আর ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন করা হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে এ সম্মেলন থেকে বাস্তবসম্মত সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন