ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

৮ ঘণ্টা ঘুমিয়েও সকালে ক্লান্তি কেন

রাতে নিয়ম করে ৭-৮ ঘণ্টা ঘুমাচ্ছেন, তবু সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগছে? সারাদিন চোখে ঘুম, মাথাব্যথা, কাজে মনোযোগের অভাব কিংবা বারবার ঝিমুনি ভাব পিছু ছাড়ছে না? অনেকেই এমন সমস্যাকে কাজের চাপ বা মানসিক উদ্বেগ ভেবে এড়িয়ে যান। কিন্তু পর্যাপ্ত ঘুমের পরেও শরীর সতেজ না লাগার নেপথ্যে থাকতে পারে ঘুমের কোনো সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য শুধু কতক্ষণ ঘুমোচ্ছেন, তা নয়—ঘুমের মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি হলে গভীর ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। নাক, গলা বা শ্বাসনালিতে বাধার কারণে রক্তে অক্সিজেনের মাত্রা বারবার কমে যেতে পারে, আর শরীরের এই পরিবর্তনের প্রতিক্রিয়ায় মস্তিষ্ক সাময়িকভাবে জেগে ওঠে। এমনটা বারবার ঘটলে রাতের ঘুম ভেঙে ভেঙে যায়—অনেক সময় ব্যক্তি নিজেই তা টের পান না। এর ফলেই সকালে মাথাব্যথা, ক্লান্তি, ঝিমুনি ও মনোযোগের অভাব দেখা দিতে পারে।

ঘুমের মধ্যে জোরে নাক ডাকা, দম আটকে আসা কিংবা হাঁসফাঁস করে জেগে ওঠাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। এগুলি ঘুমের ব্যাধি স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে।

ঘুমের সমস্যা শুধু শারীরিক কারণে হয় না—শোবার ঘরের পরিবেশও এর জন্য দায়ী হতে পারে। বালিশ, তোশক, বিছানার চাদর ও পর্দায় জমে থাকা ধুলাবালি থেকে অ্যালার্জি হতে পারে। জানালা দিয়ে ঢোকা পরাগরেণু এবং স্যাঁতস্যাঁতে দেয়ালে তৈরি হওয়া ছত্রাকও শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়ায়।

পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম না হলে বিপাকক্রিয়া, হৃদযন্ত্রের স্বাস্থ্য, মেজাজ এবং দৈনন্দিন কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ১৮ থেকে ৬০ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুম প্রয়োজন। দীর্ঘদিন অপর্যাপ্ত ঘুমের সঙ্গে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্পর্ক রয়েছে।

নিয়মিত নাক ডাকা, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি কিংবা পর্যাপ্ত ঘুমিয়েও সতেজ অনুভব না করলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকতে শুধু ৭-৮ ঘণ্টা ঘুমালেই হবে না—ঘুম হতে হবে নিরবচ্ছিন্ন ও আরামদায়ক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন