ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালে আয় ও মুনাফা থেকে পর্যায়ক্রমে করপোরেট আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। তবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা সম্ভব নয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ কথা জানান।
পাঁচটি ব্যাংক একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় গড়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এসব ব্যাংক নিজেদের আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছিল না। প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীরা। বড় অঙ্কের করপোরেট আমানত এখনই ফেরত দেওয়া যাচ্ছে না। একীভূত হওয়ার সময় পাঁচ ব্যাংকে মোট আমানত ছিল প্রায় দেড় লাখ কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে জোগান দেওয়া সরকারের পক্ষে বাস্তবসম্মত নয়।
আরিফ হোসেন খান বলেন, পাঁচটি ব্যাংকই স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। এ কারণে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় ব্যাংকগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানায় একটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। একীভূতকরণের মূল উদ্দেশ্য ছিল আমানতকারীদের সুরক্ষা দেওয়া। তারল্য সংকটের কারণে এসব ব্যাংকের আমানতকারীরা প্রয়োজনের সময় নিজেদের জমা অর্থ তুলতে পারছিলেন না।
ব্যাংকটি এখন রাষ্ট্রের মালিকানায় রয়েছে। ফলে আমানতকারী ও প্রতিষ্ঠানগুলোকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখতে হবে বলে জানান মুখপাত্র। ব্যাংকটি ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রম বাড়াবে, আয় ও মুনাফা করবে। সেই আয় থেকেই পর্যায়ক্রমে বড় অঙ্কের আমানত ফেরত দেওয়া সম্ভব হবে।
এদিকে ব্যাংক খাতে তারল্যের বিপরীতমুখী চিত্র দেখা যাচ্ছে। একদিকে কিছু ব্যাংকের ঋণ দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের ওপর নির্ভর করে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে বেশ কিছু ব্যাংকের হাতে উদ্বৃত্ত তারল্য থাকলেও বিনিয়োগের জন্য উপযুক্ত ও আস্থাশীল গ্রাহক পাওয়া যাচ্ছে না। ফলে এসব ব্যাংকের বড় অংশের অর্থ সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ হচ্ছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে উদ্যোক্তাদের জন্য স্বল্প ব্যয়ের তহবিল নিশ্চিত করা, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং যোগাযোগ ও বন্দরসুবিধার উন্নয়ন প্রয়োজন বলে জানান তিনি।



















