ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সাফ ফাইনালে পাকিস্তান, বিদায় বাংলাদেশ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার রাতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলে জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল তারা।

গোলশূন্য সমতায় শেষ হয়েছিল প্রথমার্ধ। ২৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরে আসে। ৩২ মিনিটে পাল্টা আক্রমণে আবদুল সামাদের শটও পোস্টে লেগে ফেরে। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ—৫৯ শতাংশের বিপরীতে পাকিস্তানের ৪১।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় পাকিস্তান। ৭৬ মিনিটে আদিল নবির ফ্রি-কিক থেকে বিপদ তৈরি হলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দলকে রক্ষা করেন। তবে ৮৬ মিনিটে আর রক্ষা হয়নি। শ্রাবণের একটি ভুল থেকেই আসে পাকিস্তানের জয়সূচক গোল—তাঁর থ্রো করা বল চলে যায় আদিল নবির কাছে, তাঁর বাড়ানো বল থেকে ডিফেন্ডার জিদান ইউসুফকে কাটিয়ে জালে পাঠান সামাদ। ম্যাচসেরা হয়েছেন গোল করা আবদুল সামাদ।

এই হারে ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন