ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

স্থানীয়রা জানান, কুমিল্লার ময়নামতি এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন মুকুল ও শাকিবসহ এলাকার ছয়জন। বাসে থাকা তাঁদের স্বজন আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হয়ে অন্যদের নামিয়ে দিয়ে বাসের কর্মীরা আতিককে জিম্মি করে তাঁর গলায় গামছা পেঁচিয়ে ধরে। তখন মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে চলন্ত বাস থেকে তাঁদের লাথি মেরে ফেলে দেওয়া হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল আটটার দিকে খবর পেয়ে একটি দল জিগাতলা এলাকায় গিয়ে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। একজন ঘটনাস্থলেই মারা যান; অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। একটি মাইক্রোবাস বাসটির পথরোধ করলে স্থানীয় লোকজন বাসটি আটকে দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন