দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন মিললে নভেম্বরেই এই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর কাজ এগিয়ে চলছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়া যেতে পারে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর কয়েক দিন উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি না থাকলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন; রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়; তবে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট যুক্ত হওয়ার পর ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে; আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে আসতে পারে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে; দুটি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।



















