গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই মোতায়েন করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটের প্রয়োজন ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের উদ্দেশ্য।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) টুঙ্গিপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের মিছিলকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা তৈরি হয়। এ সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ওই ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনমনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



















