দক্ষিণ এশিয়ায় ইন্টারনেটের আধুনিক সংস্করণ আইপিভি৬ ব্যবহারের গড় হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। শনিবার কক্সবাজারের লং বিচ হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনের প্রধান বক্তা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। এই চিত্র বাংলাদেশের জন্য উদ্বেগজনক। নেটওয়ার্ক নিরাপত্তার দিক থেকেও এটি ভালো উদাহরণ নয়। তিনি বলেন, নেটওয়ার্ক নিরাপত্তা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি নিশ্চিত করতেই হবে।
তিনি জানান, আগামী সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (স্যানগ) সম্মেলন-২০২৭ বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ। তিনি বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প নেই। এ প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির মাধ্যমে সারা দেশে উদ্যোগ ছড়িয়ে দিতে হবে। শিল্পসংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে বিটিআরসি প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে। আইএসপিএবি, বিডিনগ ও এপনিক একসঙ্গে কাজ করতে পারলে দেশের আইএসপি খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। তিন দিনের কর্মশালায় অ্যাডভান্সড রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা শুরু হয়। ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিন কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর মূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের সহ-আয়োজক ছিল আইএসপিএবি, সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল।


















