ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

দেশে ফিরলে ফাঁসি কার্যকর হবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইনের ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলে আর আপিল গ্রহণযোগ্য হয় না। গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই সময়সীমা অতিক্রম করায় শেখ হাসিনার আপিলের আর সুযোগ নেই বলে মনে করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হয় না; সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদনেরও প্রয়োজন নেই, কারণ ট্রাইব্যুনাল হাইকোর্টের সমমর্যাদাসম্পন্ন এবং এখানে তিন বিচারপতির বেঞ্চ গঠিত হয়। ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন হওয়ায় এ ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়।

দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকলে তিনি মামলা মোকাবিলা করতেন এবং রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে এসে আপিল করতেন। তিনি যদি ফিরতে চান, তাহলে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে; তবে এমন কিছু জানা নেই। বাংলাদেশে তাঁকে পাওয়া গেলে তখন আইনগত সুযোগ ও প্রক্রিয়ার বিষয়টি ফয়সালা হবে। নতুন পাসপোর্ট পাওয়ারও কোনো আইনগত সুযোগ নেই বলে জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিলের বিষয়ে তিনি বলেন, আজাদ নির্ধারিত সময়ের বাইরে আপিল করেছিলেন, তাই তা আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এর বেশি কিছু বলতে চান না তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন