ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি আজ বুধবার ঢাকায় আসছেন। ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সফরে তিনি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশের ওপর প্রভাব মূল্যায়ন করবেন।

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে তিনি বিশেষ করে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দেশটির চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থার ওপর গুরুত্ব দেবেন। ভবিষ্যৎ সহযোগিতার সুযোগও খতিয়ে দেখবেন তিনি।

তিনি ঢাকা এবং কক্সবাজার জেলার শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় ঢাকার ইউএন হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর পর্যবেক্ষণ তুলে ধরবেন।

এর আগে কারি মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির সামরিক সরকার জানিয়েছে, তারা এই মুহূর্তে সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

তিনি আগামী বছরের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন। গত ১ মে তিনি বিশেষ র‍্যাপোর্টিয়ারের দায়িত্ব গ্রহণ করেন।

প্রসঙ্গত, গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত রায় দেবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন