ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো চায় যুক্তরাষ্ট্র

আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার প্রথম দিন শেষ হয়েছে। বৈঠকে ইউরোপের জন্য নতুন নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা চলবে বুধবারও।

মার্কিন প্রেসিডেন্টের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মঙ্গলবার দুই পক্ষকে কয়েক ঘণ্টা ধরে আলোচনায় বসান। ফেব্রুয়ারির পর এটাই প্রথম ত্রিপক্ষীয় আলোচনা। কুশনার প্রতিনিধিদের বলেন, যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যকার ব্যবধান কমিয়েছে এবং ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের সমাধানের দিকে এগোতে চায়। তিনি আশা প্রকাশ করেন, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে এমন একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি হবে যা ‘দশকের পর দশক, এমনকি শতাব্দীর পর শতাব্দী’ শান্তি নিশ্চিত করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক ও বেশ তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেন। ডেনমার্কে নর্ডিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন দূতদের বার্তায় তিনি খুবই খুশি। তাঁর দল তাঁকে জানিয়েছে, মানবিক বিষয় ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে।

প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বলে অভিহিত করেন এবং বলেন, সমস্যা সমাধানের অংশ হিসেবে ইউরোপীয়দেরও একসময় আলোচনার টেবিলে আসতে হবে।

ইউরোপীয়রা, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এক যৌথ বিবৃতিতে যুদ্ধ-পরবর্তী শক্তিশালী ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রাশিয়া মহাদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনাকে আলোচনার মূল লক্ষ্য হিসেবে দেখছে। তাদের প্রতিনিধিদলে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ, যিনি আক্রমণের আগে ন্যাটোকে পূর্ব ইউরোপ থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছিলেন। ইউক্রেন ‘ইয়াল্টা ২.০’-এর বিরুদ্ধে সতর্ক করেছে, আর ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যুদ্ধবিরতির পরই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, কিয়েভের অগ্রাধিকার যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা। ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকাতে ৮ লাখ সেনার বাহিনী টিকিয়ে রাখতে অন্তত ১০ বছরের আর্থিক সহায়তা চায়। এদিকে রাতভর হামলায় ইউক্রেনে হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন