ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সফরে আজ মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি।

তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশন হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

সফরকালে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।

এবারের সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা ও প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন