ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সেলিম বরকত এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর নিকুঞ্জস্থ টাওয়ারের বোর্ড কক্ষে ডিবিএর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনিযুক্ত দুই পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, সিএফএ এবং পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যরা।
এ সময় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের নেতারা দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, বাজারের উন্নয়ন ও সম্প্রসারণ এবং বাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানো নিয়ে মতবিনিময় করেন।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে ডিএসইর পরিচালনা পর্ষদে স্বাগত জানিয়ে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতা ডিএসইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজারের টেকসই বিকাশ নিশ্চিত করতে ডিবিএ অতীতের মতো ভবিষ্যতেও ডিএসইর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে বলে জানান তিনি। ডিএসইর যেকোনো উন্নয়নমূলক ও ইতিবাচক উদ্যোগে ডিবিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন ডিবিএ প্রেসিডেন্ট।


















