ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন

গ্রুট ২ আনল এনভিডিয়া

মানুষের ভিডিও দেখে হাতের কাজ শেখা রোবটের নতুন মডেল উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সোমবার যুক্তরাষ্ট্রের অস্টিনে রোবট শিক্ষাবিষয়ক সম্মেলনে গ্রুট ২ নামের এই মডেলের ঘোষণা দেওয়া হয়।

গ্রুট ২ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে রোবট মানুষের চোখে দেখা ভিডিও থেকে হাতের নড়াচড়া ও কাজের ধরন শিখতে পারে। এজন্য মডেলটিকে রোবটের নিজের সংগৃহীত তথ্যের পাশাপাশি এক লাখ ঘণ্টার মানুষের দৃষ্টিকোণ থেকে তোলা ভিডিও দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, কোনো কাজের জন্য আলাদা করে না শিখিয়েই ৫০টি পরীক্ষামূলক কাজের মধ্যে ৪০টিতে সফল হয়েছে গ্রুট ২। প্রতিটি কাজে একবার করে দেখিয়ে দিলে গড় সাফল্যের হার ৭১ শতাংশ, আর পাঁচবার দেখালে তা বেড়ে দাঁড়ায় ৯৫ শতাংশে।

একই সঙ্গে রোবট প্রশিক্ষণের নতুন কাঠামো আইজ্যাক ল্যাব ৩.০-ও প্রকাশ করেছে এনভিডিয়া। এই কাঠামোতে বাস্তব পরিবেশে নামানোর আগে অনুকরণ করা পরিবেশে রোবটকে প্রশিক্ষণ দেওয়া যায়। আগের সংস্করণের চেয়ে এতে প্রশিক্ষণ প্রায় আড়াই গুণ দ্রুত হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান গ্রুট ২ পরীক্ষা করে দেখছে। ফক্সকন কারখানায়, সিমেন্স শিল্পক্ষেত্রে আর নেক্সুনি কাপড় ধোয়ার কাজে এটি ব্যবহারের পরীক্ষা চালাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন