মিসরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।
রোববার রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
নিহতদের মধ্যে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন। দুর্ঘটনার পর গিজা থেকে দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তদন্তকারীরা রোববার রাতেই ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছেন।



















