দেশের প্রায় আড়াই লাখ খুচরা ব্যবসায়ীকে আনুষ্ঠানিক ঋণ ও ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে যৌথভাবে কাজ করবে প্রিয়শপ ও এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় প্রিয়শপের খুচরা ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর ও সরবরাহকারীরা এনআরবি ব্যাংক থেকে কাঠামোবদ্ধ অর্থায়ন পাবেন। এর মধ্যে রয়েছে জামানতবিহীন এমবেডেড ক্রেডিট এবং পুনঃব্যবহারযোগ্য কার্যকরী মূলধন সুবিধা। সব ধরনের ঋণ ও আর্থিক সুবিধা এনআরবি ব্যাংকের নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণনীতির অধীনেই পরিচালিত হবে।
প্রিয়শপ দেশের প্রায় আড়াই লাখ খুচরা ব্যবসায়ীকে ব্র্যান্ড, ডিস্ট্রিবিউটর, লজিস্টিকস সেবাদাতা ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেছে। প্ল্যাটফর্মটিতে প্রতিটি অর্ডার, ডেলিভারি ও পেমেন্ট ডিজিটালভাবে সংরক্ষিত হয়। এতে ব্যবসায়ীদের একটি নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য আর্থিক রেকর্ড তৈরি হয়, যা ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে আরও কয়েকটি সেবা চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং এবং মাঠপর্যায়ের লজিস্টিকস কর্মী, ওয়্যারহাউস টিম ও ডেলিভারি কর্মীদের জন্য রিলোডেবল পে-রোল ও প্রিপেইড কার্ড সুবিধা।
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা কিউআর-এর মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের স্বচ্ছ রেকর্ড তৈরি হবে। একই সঙ্গে হিসাব খোলা, ক্যাশ ম্যানেজমেন্ট ও ঋণসেবা প্রিয়শপের মার্চেন্টদের কাছে পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

প্রিয়শপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, “বাংলাদেশে ছোট ছোট ব্যবসায়ীর অভাব নেই। কিন্তু তাদের অধিকাংশের দৈনন্দিন ব্যবসার সঙ্গে এখনও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার পরিচয় গড়ে ওঠেনি। প্রতিটি পণ্য ক্রয়, প্রতিটি ডিজিটাল পেমেন্ট এবং সময়মতো পরিশোধ একজন ব্যবসায়ীর আর্থিক পরিচয় গড়ে তোলে। এনআরবি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা কমার্স, বাংলা কিউআর, ব্যাংকিং এবং দায়িত্বশীল ঋণসেবাকে এক প্ল্যাটফর্মে আনছি, যাতে একজন দোকানির প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রমই ধীরে ধীরে আরও ভালো আর্থিক সুযোগের দুয়ার খুলে দেয়।”
এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কিমিয়া সাদাত বলেন, “এই অংশীদারত্বের মাধ্যমে এমবেডেড কমার্সের সঙ্গে যুক্ত হচ্ছে নিয়ন্ত্রিত এবং প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা। ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং অবকাঠামো এবং দায়িত্বশীল অর্থায়নকে একসাথে করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও কার্যকরভাবে সহায়তা করতে চাই। একই সঙ্গে ঋণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক মানদণ্ডের সর্বোচ্চ অনুসরণ নিশ্চিত করা হবে।”
ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশীদারত্বের আওতায় চালু হওয়া সব আর্থিক পণ্য, ঋণ মূল্যায়ন প্রক্রিয়া এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এনআরবি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে বাস্তবায়ন করা হবে।


















