জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নতুন অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিট ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধন করেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করছেন। চিকিৎসকেরা যাতে সততা বজায় রেখে এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে কাজ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রোগীদের সঙ্গে আরও ভালো ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।


















