উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসছে শীত। সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সোমবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টায় পারদ নেমেছে ১ দশমিক ৫ ডিগ্রি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
ভোরের কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে সকালের দিকে শীতের অনুভূতি বাড়ছে। ভোরে কাজে বের হওয়া কৃষক, দিনমজুর, চা ও পাথরশ্রমিক এবং ভ্যানচালকদের সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। ঠান্ডা থেকে বাঁচতে অনেকে চাদর ও গরম পোশাক ব্যবহার করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাব বেশি থাকে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে সন্ধ্যার পর স্থানীয় বাজারগুলোতে শীতের পিঠার দোকানে ভিড় বাড়ছে। তাপমাত্রার ওঠানামায় শিশু ও বয়স্কদের সর্দি-কাশিসহ নানা অসুখের ঝুঁকি বাড়ায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।



















