ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানের শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ইস্পাতের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে স্মৃতিস্তম্ভের সামনে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার নেতারা। গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
অনশনে রয়েছেন সংগঠনের জেলা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেনসহ কয়েকজন নেতা।
অনশনরত নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনের বিরোধিতাকারীরা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। তাঁরা জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসন সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে কাজ চলছে।

২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আন্দোলনকারীরা ঘটনাস্থলটির নাম দেন ‘সাগর চত্বর’ এবং সেখানে তাঁর ছবিসহ ইস্পাতের স্মৃতিফলক স্থাপন করেন।


















