রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।
পরীমনির দাবি, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানের একটি স্টলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি গাড়িতে উঠতেও পারছিলেন না এবং থানায় ফোন করতে বাধ্য হন।
তিনি আরও জানান, পাঁচ দিন ধরে শুটিং ক্লাবে অনুষ্ঠানটি চলছিল এবং রোববার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, পুরো ঘটনাটি পরিকল্পিত। অনুষ্ঠানে উপস্থিত অন্য শিল্পীরাও হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর জানিয়েছেন, সেখানে একটি সমস্যা হয়েছিল, তবে তা দ্রুত সমাধান হয়েছে এবং পরীমনি নিরাপদে বাসায় ফিরে গেছেন। গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনা তাঁদের জানা নেই বলে জানান তিনি।
এর আগে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি।



















