তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ওই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।
সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো সামরিক সহযোগিতার আওতাভুক্ত বলে জানান তিনি। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।
এ ছাড়া সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে। একই সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো আগেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ উদ্যোগের পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও বাংলাদেশ জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


















