দক্ষিণ কোরিয়ার সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে এনভিডিয়া, এসকে টেলিকম ও দেশটির এআই চিপ স্টার্টআপ রেবেলিয়নস। এ লক্ষ্যে সোমবার সিউলে অনুষ্ঠিত এনভিডিয়া এআই ডে সিউল ২০২৬ অনুষ্ঠানের ফাঁকে তিন প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারকে সই করেছে।
এই সমঝোতার আওতায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) সঙ্গে রেবেলিয়নসের তৈরি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) যুক্ত করে একটি মিশ্র ধরনের এআই কম্পিউটিং ব্যবস্থা গড়ে তোলা হবে। এসকে টেলিকম তাদের এআই ডেটা সেন্টারে এই ব্যবস্থা স্থাপন করবে। দুই ধরনের চিপ একসঙ্গে চালাতে ব্যবহার করা হবে এনভিডিয়ার এনভিলিংক ফিউশন প্রযুক্তি।
নতুন ব্যবস্থায় কাজ ভাগ করে দেওয়া হবে। প্রশ্ন বিশ্লেষণের মতো ভারী হিসাবের ধাপ সামলাবে জিপিইউ, আর উত্তর তৈরির ধাপ সামলাবে এনপিইউ। এতে প্রক্রিয়াকরণের গতি বাড়বে এবং বিদ্যুৎ খরচ কমবে বলে আশা করা হচ্ছে। সার্ভার র্যাক তৈরিতে এনভিডিয়ার এমজিএক্স নকশাও ব্যবহার করা হবে।
রেবেলিয়নসের পরবর্তী প্রজন্মের এনপিইউ রেবেল আর২০০ এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। ২০২৮ সালের মধ্যে এই ব্যবস্থা চালুর জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই সহযোগিতাকে সমর্থন দিচ্ছে।
এসকে টেলিকম জানিয়েছে, তারা এই ব্যবস্থা নিজেদের এআই ডেটা সেন্টারে বসিয়ে কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করবে। নিজেদের তৈরি এআই মডেল এ.এক্স কে২ ও জনসাধারণের জন্য তৈরি এআই সেবার সঙ্গেও এটি যুক্ত করা হবে, যাতে অবকাঠামো থেকে মডেল ও সেবা পর্যন্ত পুরো ব্যবস্থা এক ছাদের নিচে আসে।



















