ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

পাঁচ ম্যাচে ১০ গোল দিয়ে ‘ডজন’ খেল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল আর গোলবর্ষণ দিয়ে করলেও ডিফেন্সের ভঙ্গুরতায় মারাত্মকভাবে পথ হারাচ্ছে চেলসি। চলতি মৌসুমে লিগে খেলা প্রথম পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ গোল জড়ানোর পাশাপাশি নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রাখতে পুরোপুরি ব্যর্থ হয়ে ব্লুজরা হজম করেছে এক ডজন বা ১২টি গোল। যার মধ্যে গতকাল রাতে ওয়েস্টার্ন লন্ডন ডার্বির ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়হীন রইল জাবি আলোনসোর দল।

ডিফেন্সিভ দুর্বলতা, সেটপিস থেকে গোল হজমের পুরোনো রোগ এবং ডার্বির উত্তাপ সামলাতে না পারার ব্যর্থতা ডুবিয়েছে ব্লুজদের। ম্যাচের প্রথমার্ধে লড়াই কিছুটা জমজমাট হলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি খেই হারিয়ে ফেলে অতিথিরা। ম্যাচের ৬১তম মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে জেইডন অ্যান্থনির ক্লোজ রেঞ্জের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলটি দীর্ঘ ২১ ম্যাচ ধরে ক্লিন শিট বা গোল হজম না করার চেলসির খরা কিছুতেই কাটতে দেয়নি।

এরপর ৮৩তম মিনিটে কেভিন শাদের শট গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফিরিয়ে দিলেও ফাঁকায় বল পেয়ে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর থিয়াগো। আর যোগ করা সময়ে ফ্যাবিও কারভালহোর আরও এক গোলে বড় জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। ১৯৩৮ সালের পর ঘরের মাঠে চেলসির বিপক্ষে এটিই ব্রেন্টফোর্ডের প্রথম জয়।

এদিকে ম্যাচ চলাকালীন মাঠের বাইরের নানা ঘটনাও বেশ আলোচনার জন্ম দেয়। গত চার বছরে ক্লাবটির মালিকানা ও দলবদলে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। টড বোহেলি ও মার্ক ওয়াল্টার ক্লিয়ারলেক ক্যাপিটালের কাছে তাদের ১২.৮ শতাংশ শেয়ার বিক্রি করার চুক্তি করার পর এটিই ছিল চেলসির প্রথম ম্যাচ। এছাড়া আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপের নানা ঘটনার পর ভ্যালেন্টিন বারকো এবং গোলরক্ষক মার্তিনেজকে পুরো ম্যাচজুড়ে তীব্র দুয়ো ও তিরস্কারের মুখে পড়তে হয়েছে স্বাগতিক সমর্থকদের পক্ষ থেকে। জর্ডান হেন্ডারসন তার পুরনো ক্লাবের বিপক্ষে শুরুর একাদশে থাকলেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার সমীকরণেও বড় পরিবর্তন এসেছে। চলতি লিগে দুর্দান্ত ছন্দে থাকা ব্রেন্টফোর্ড এই জয়ে টেবিলের উপরের দিকে উঠে তিন নম্বর অবস্থানে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, টানা তিন ম্যাচ জয়হীন থাকায় হোঁচট খাওয়া চেলসি পয়েন্ট টেবিলে নেমে গেছে সাত নম্বরে।

ম্যাচ শেষে দলের এমন ভরাডুবি নিয়ে সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্টস’-কে নিজেদের হতাশার কথা জানান চেলসি কোচ জাবি আলোনসো। ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে আমাদের ধারাবাহিকতা এবং প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক মানসিকতা হারিয়ে ফেলেছি। প্রথম গোল হজম করার পর আমরা নিজেদের পজিশন বা শেপ হারিয়ে ফেলি এবং খেলা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

দলের এমন অসহায় আত্মসমর্পণের পর মাঠের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চেলসি অধিনায়ক লেভি কলউইলও। তিনি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। মাঝেমধ্যে সেটপিসে আমরা মার খেয়েছি বা কোণঠাসা হয়ে পড়েছি। আন্তর্জাতিক বিরতিতে আমাদের শুধরে নেওয়ার অনেক কাজ বাকি আছে। একা ফরোয়ার্ডদের ওপর নির্ভর না করে আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে।’

অন্যদিকে, ঘরের মাঠে এই ঐতিহাসিক ডার্বি জয়ে দারুণ উচ্ছ্বসিত ব্রেন্টফোর্ড ম্যানেজার কিথ অ্যান্ড্রুস। দলটির পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ আমাদের কৌশলকে খর্ব করার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে আমরা মাঠে আমাদের আসল রূপ দেখাতে পেরেছি। ভক্ত ও খেলোয়াড়দের মাঝে চমৎকার একটি সংযোগ তৈরি হয়েছে এবং আমরা এই যাত্রাটি উপভোগ করছি।’

ইনজুরির কারণে মিডফিল্ডের মূল ভরসা মইসেস কাইসেদো এবং তারকা স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল চেলসিকে। প্রিমিয়ার লিগে ব্লুজদের পরের ম্যাচ ফিফা উইন্ডোর পর আগামী ১০ অক্টোবর বোর্নমাউথের বিপক্ষে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ