ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, আরিফুলের বিরল রেকর্ড

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু এবার বিশ্বকাপটা ভালো কাটেনি টাইগার জুনিয়রদের। কোয়ার্টার ফাইনালেই পথ চলা থেমে গেছে। তবে দল ভালো না করলেও মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম বিশ্বকাপ রাঙিয়েছেন আপন হাতে। চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলেছিলেন আরিফুল। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন ১০২ রান।

যদিও দুটি ম্যাচেই বাংলাদেশ যুব দল হেরেছে। গতকাল দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। আগে ব্যাট করে আরিফুরের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৩ রান করেছিল টাইগার জুনিয়ররা। জবাবে ৮ উইকেটে ২৯৮ রান তুলে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

যুব বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন আরিফুল। ২০০৪ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ২০১৪ সালে যার পুনরাবৃত্তি দেখেছিল ক্রিকেট বিশ্ব দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের ব্যাটে। এবার তাদেরকে স্মরণ করালেন বাংলাদেশের আরিফুল।

এছাড়া ১৬তম ব্যাটসম্যান হিসেবে যুব বিশ্বকাপে ২টি সেঞ্চুরি আসল আরিফুলের ব্যাট থেকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে ২টি সেঞ্চুরি আছে এনামুল হক বিজয়েরও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ