বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী মো. সরোয়ার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সরকার জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে মো. সরোয়ার হোসেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা দলে যুক্ত হলেন।



















