রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আজ (বৃহস্পতিবার) রায় দিচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
নেদারল্যান্ডসের হেগে শান্তি প্রাসাদে (পিস প্যালেস) আদালতের ১৫ বিচারপতির বেঞ্চ রায় পড়া শুরু করবে গ্রিনিচ সময় সকাল ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায়। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায় পড়বেন বলে জানা গেছে।
২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মামলাটি করে। ৫৭ সদস্যের ওআইসির সমর্থনে করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অভিযান’ ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ সনদ লঙ্ঘন করেছে। ওই অভিযানের পর সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
মামলার মূল প্রশ্ন হলো, মিয়ানমার রোহিঙ্গাদের একটি গোষ্ঠী হিসেবে ধ্বংস করার অভিপ্রায় পোষণ করেছিল কি না। গাম্বিয়া বলছে, হামলার নৃশংসতা, ঘৃণামূলক বক্তব্যের প্রতি সহনশীলতা এবং তদন্তের অভাবই সেই অভিপ্রায়ের প্রমাণ। মিয়ানমার অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের অভিযান সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ছিল।
বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে রয়ে গেছে প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গা, যাদের অনেকেই কঠোর বিধিনিষেধের মধ্যে বসবাস করছে।

আদালতের রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আইসিজের রায় কার্যকর করার নিজস্ব কোনো ব্যবস্থা নেই। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যেতে পারবে। অতীতে চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদে মিয়ানমারকে রক্ষা করেছে।
এটি আইসিজের ৮০ বছরের ইতিহাসে গণহত্যা মামলায় তৃতীয় চূড়ান্ত রায় এবং এক দশকের বেশি সময় পর প্রথম। এর আগে ২০০৭ সালে বসনিয়া মামলায় আদালত রায় দিয়েছিল। মামলার শুনানি হয় চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি।
গাম্বিয়া দাবি করেছে, দায়ীদের বিচার, রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়া, সম্পত্তি ফেরত ও ক্ষতিপূরণের নির্দেশ দিক আদালত। মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত আশা প্রকাশ করেছেন, রায়টি নৃশংসতার স্বীকৃতি দেবে এবং ন্যায়বিচারের পথ তৈরি করবে।
এ রায়ের প্রভাব গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাসহ আদালতের অন্যান্য গণহত্যা মামলার ওপরও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


















