ঋণঝুঁকি মূল্যায়নে নতুন দুটি সূচক ব্যবহার শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। এতে রাজস্ব আয়ের বড় অংশ সুদ পরিশোধে চলে যাওয়ায় বাংলাদেশ তুলনামূলক দুর্বল অবস্থানে পড়তে পারে।
প্রচলিত ঋণ-জিডিপি অনুপাতের পাশাপাশি এখন দেখা হবে সরকারের রাজস্ব আয়ের কত অংশ সুদ পরিশোধে যাচ্ছে এবং বাজেট ঘাটতি ও ঋণের আসল পরিশোধে বছরে অর্থনীতির আকারের তুলনায় কত ব্যয় হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি থেকে নতুন মূল্যায়ন পদ্ধতি চালু হবে।
কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনের আন্তর্জাতিক ঋণ সম্মেলনে আইএমএফের কর্মকর্তারা নতুন পদ্ধতির কথা তুলে ধরেন। স্বল্পোন্নত দেশগুলোর জন্য সংশোধিত ঋণ টেকসই কাঠামো নামের এ পদ্ধতি চলতি বছরের সেপ্টেম্বরে আইএমএফের নির্বাহী পর্ষদ অনুমোদন করে। এর কিছুদিন পর বিশ্বব্যাংকও তা গ্রহণ করে। ২০১৭ সালের পর এটিই কাঠামোটির প্রথম বড় সংস্কার।
আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সরকারি ঋণ ১৮৮ দশমিক ৭৯ বিলিয়ন ডলার, যা জিডিপির ৪১ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১০১ দশমিক ২৪ বিলিয়ন এবং বৈদেশিক ঋণ ৮৭ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। আঞ্চলিক মানদণ্ডে এ অনুপাত খুব বেশি নয়। কিন্তু ২০২৫ সালে সরকারি রাজস্বের প্রায় ৩০ শতাংশ সুদ পরিশোধেই ব্যয় হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, চলতি অর্থবছরে সুদ ব্যয় দেড় লাখ কোটি টাকায় পৌঁছতে পারে।
বিশ্বে সবচেয়ে কম কর-জিডিপি অনুপাতের দেশগুলোর একটি বাংলাদেশ। এর মধ্যে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা সঞ্চয়পত্র ও স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের মতো ব্যয়বহুল অভ্যন্তরীণ উৎসের দিকে ঝুঁকে আছে।

আইএমএফ এরই মধ্যে বৈদেশিক ও সামগ্রিক—দুই ধরনের ঋণ সংকটেই বাংলাদেশকে ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ তালিকায় রেখেছে। চলতি বছরই ঝুঁকির মাত্রা ‘নিম্ন’ থেকে বাড়িয়ে ‘মাঝারি’ করা হয়েছে। নতুন নিয়মে শুধু সংকটকালীন পরিস্থিতি নয়, মূল পূর্বাভাসেই ঋণ সূচক ধারাবাহিকভাবে নির্ধারিত সীমা অতিক্রম করলে দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হবে। এসব সীমা এখনো প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ‘মাঝারি সক্ষমতা’র দেশ হিসেবে শ্রেণিবদ্ধ।
সম্মেলনে আইএমএফের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোয় সংস্কারের, বিশেষ করে রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ঋণ ব্যবস্থাপনা কৌশল, ঋণ গ্রহণ পরিকল্পনা ও ঝুঁকি কাঠামোর মালিকানা বাংলাদেশকেই নিতে হবে। তাঁর ভাষ্য, আগামী পাঁচ বছরে রাজস্ব আদায় জিডিপির মাত্র ২ শতাংশীয় পয়েন্ট বাড়ানো গেলেও তা ঋণ পরিশোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
আইএমএফের সাবেক কর্মকর্তা প্রসাদ অনন্তকৃষ্ণান বলেন, বৈশ্বিক সরকারি ঋণ ২০২৫ সালে জিডিপির প্রায় ৯৪ শতাংশ থেকে বেড়ে ২০৩১ সালে ১০২ শতাংশে পৌঁছতে পারে।
সম্মেলনে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এবং শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।


















