জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি, সংশোধিত দুটি। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণে। ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদে বাস্তবায়নের জন্য এ প্রকল্পে বরাদ্দ ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
অন্যান্য বড় প্রকল্পের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা এবং বৃহত্তর যশোর জেলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা এবং রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















