ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

‘লেন্স’ সিরিজের উদ্বোধনে নেতৃত্বের ভাবনা শোনালেন গ্রামীণফোন সিইও

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) নতুন একটি লিডারশিপ ডায়ালগ সিরিজ শুরু করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘লেন্স’ (লিডারশিপ, এক্সপেরিয়েন্স, নেটওয়ার্কিং, শেয়ারিং) নামের এ সিরিজের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নেতৃত্ব নিয়ে কথা বলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

অনুষ্ঠানে ‘লিডারস অ্যাজ চেঞ্জ মেকারস’ শিরোনামে বক্তব্য দেন ইয়াসির আজমান। নেতৃত্ব, কৌশলগত সিদ্ধান্ত এবং ব্যবসার পরিবর্তনশীল পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। দেশের শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর একটি গ্রামীণফোনের প্রধান নির্বাহী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে নেতৃত্ব ও ব্যবসা পরিচালনার নানা দিক নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, একজন নেতার দায়িত্ব হলো মানুষ ও প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া। দ্রুত পরিবর্তনশীল পরিবেশে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। বর্তমানের কাজ ও লক্ষ্য ঠিকভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি কাজের পদ্ধতি সহজ করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা তৈরি করতে হবে। তাঁর ভাষায়, ‘একই সঙ্গে বর্তমানের কাজ চালিয়ে যেতে হবে, আবার পরিবর্তনও আনতে হবে।’

কোনো কাজ ডিজিটাল বা স্বয়ংক্রিয় করার আগে সেটি সহজ করা জরুরি বলে মনে করেন ইয়াসির আজমান। তাঁর মতে, অপ্রয়োজনীয় কোনো কাজ ডিজিটাল করলে সেটি পরিবর্তন করা কঠিন হয়ে যায়।

নেতৃত্বের বিষয়ে প্রতিদিনের কাজ ও আচরণে পাঁচটি পরিবর্তনের কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, পরিবর্তন শুধু কথায় থাকলে হবে না, প্রতিদিনের কাজেও তার প্রতিফলন থাকতে হবে।

প্রথমত, কোনো কাজে প্রত্যাশিত ফল না এলে তার পক্ষে যুক্তি বা অজুহাত না দেখিয়ে বাস্তবতা মেনে নিতে হবে। কোথায় ঘাটতি হয়েছে এবং কীভাবে কাজটি করলে আরও ভালো ফল পাওয়া যেত, তা খুঁজে দেখতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ব্যাখ্যাই ফলাফল বদলায় না।’

দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের কোনো একটি বিভাগের সাফল্যের চেয়ে পুরো প্রতিষ্ঠানের ফলাফলকে বেশি গুরুত্ব দিতে হবে। একটি বিভাগ ভালো করলেও প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ভালো না হলে সেই সাফল্যের কোনো অর্থ নেই।

তৃতীয়ত, কোনো বিষয়ে ৭০ থেকে ৮০ শতাংশ নিশ্চিত হলেই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা উচিত। এরপর কাজ করতে গিয়ে শিখতে হবে এবং দ্রুত প্রয়োজনীয় সংশোধন করতে হবে। তাঁর ভাষায়, ‘ভালো সিদ্ধান্তও অনেক দেরিতে নেওয়া হলে ভুল হয়ে যেতে পারে।’

চতুর্থত, বর্তমানের কাজ ঠিকভাবে করার পাশাপাশি ভবিষ্যতের জন্যও প্রস্তুতি নিতে হবে। কাজের পদ্ধতি সহজ করতে হবে এবং আগামী দিনের জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করতে হবে। তিনি বলেন, ‘আজকের কাজের জন্য আগামী দিনের প্রস্তুতি বিসর্জন দেওয়া যাবে না, আবার আগামী দিনের কথা ভেবে আজকের কাজও অবহেলা করা যাবে না।’

পঞ্চমত, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নেতাদেরও নিজেদের সবচেয়ে কাছের প্রতিযোগীর মতো করে ভাবতে হবে। প্রতিযোগীরা কীভাবে তাদের ছাড়িয়ে যেতে পারে, তা বুঝে নিজেদের কাজেও সেই অনুযায়ী পরিবর্তন আনতে হবে। ইয়াসির আজমানের মতে, নেতাদের ভাবনা হতে হবে বড় পরিসরের, আর কাজে থাকতে হবে প্রতিযোগীর মতো এগিয়ে যাওয়ার তাগিদ।

তিনি আরও বলেন, একজন মানুষের মানসিকতা তার কথায় নয়, কাজে বোঝা যায়। তাঁর ভাষায়, ‘আমরা কী বলছি, সেটি মানসিকতার পরিচয় নয়। মানুষ প্রতিদিন আমাদের কাজে কী দেখছে, সেটিই আসল বিষয়।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে ইয়াসির আজমান বলেন, ব্যবসার সঙ্গে সমাজের প্রতি দায়িত্বও জড়িত। তাঁর ভাষায়, ‘সমাজ টেকসই হলেই কেবল আপনার ব্যবসাও টেকসই হবে।’ করপোরেট জগতে কাজ শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজের জন্য কী করতে পারেন, সেটিও ভাবার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো এমন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, যারা পড়াশোনায় ভালো করার পাশাপাশি বাস্তব জীবনেও আত্মবিশ্বাস, সহমর্মিতা ও নৈতিকতার সঙ্গে নিজেদের জ্ঞান কাজে লাগাতে পারবেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা যা শেখেন, বাস্তবে সেগুলো কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ধারণা দিতেই ‘লেন্স’ সিরিজের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ইয়াসির আজমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

এই সিরিজের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা অভিজ্ঞ নেতাদের সঙ্গে নিয়মিত কথা বলার সুযোগ পাবেন। প্রচলিত বক্তৃতার বদলে সরাসরি আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে যোগাযোগ বাড়ানো এ সিরিজের লক্ষ্য। এই আলোচনা সিরিজটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব) এর সঙ্গে সম্পর্কিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন