ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও জোনাল অফিসে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে।

ফরিদপুরের সালথা শাখায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা কেরোসিন ও মশাল দিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও সহকর্মীরা মোটর পাম্পের পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সি অ্যান্ড বি রোডের পাশে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের নিচতলায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ভবনের মালিক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। প্রায় একই সময়ে বিএম কলেজের মসজিদ ফটকের সামনে সড়কে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

রাজশাহীতে বুধবার রাত দেড়টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় ব্যাংকের জোনাল অফিস লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। হামলাকারীরা স্লোগান দিয়ে পেট্রল বোমা ছোড়ে। এতে অফিসের বারান্দায় আগুন ধরে এবং দুটি জানালার কাচ ভেঙে যায়। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কেউ হতাহত হননি। পুলিশ এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছে, হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

টাঙ্গাইলের বাসাইল শাখায় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ভবনের নিচতলার দরজায় পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়। নাইট গার্ড বিষয়টি দেখে ফেলায় কর্মকর্তারা পানি ও বালু ছিটিয়ে দ্রুত আগুন নেভান; দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেলদুয়ারের লাউহাটী শাখার বারান্দাসহ সামনের অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়ায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে আগুন দেওয়া হয়। ভবনে থাকা ১১ কর্মকর্তা-কর্মচারী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে গত ১৫ নভেম্বর ভোরে সিলেটের শাহজালাল উপশহরের জোনাল অফিসে আগুন দেওয়া হয়। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন