ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

রামিসা হত্যা: রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৭ নভেম্বর) এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। একইসঙ্গে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। তাঁর ক্ষেত্রে ডেথ রেফারেন্স নাকচ করে আপিল মঞ্জুর করা হয় এবং অন্য কোনো মামলায় প্রয়োজন না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টার দিকে রায় ঘোষণা শুরু করেন উচ্চ আদালত। রায়ের সময় এজলাসে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান। রায়ে আদালত বলেন, সোহেল রানা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। ৮ নম্বর সাক্ষী, ময়নাতদন্তের প্রতিবেদন ও ১৯ নম্বর সাক্ষী চিকিৎসকের বক্তব্য তা সমর্থন করে। অসহায় শিশুর ওপর এমন নৃশংস অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই যথাযথ এবং তা কমানোর কোনো কারণ নেই বলে আদালত মত দেন। স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার কারণ হিসেবে আদালত বলেন, সোহেলের জবানবন্দিতে কোথাও বলা হয়নি যে স্বপ্না তাঁকে সহায়তা করেছেন। রাত ১১টায় ঘরে তাঁর উপস্থিতি থাকাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় তাঁকে দোষী করার জন্য যথেষ্ট নয়। মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে ৮ বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না খাতুন দুজনকেই মৃত্যুদণ্ড দেন এবং রামিসার উত্তরাধিকারীদের পাওনা হিসেবে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। স্বপ্নার খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন